
সৌদি আরবে হজযাত্রায় পুণ্যার্থীর মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে হাজারের গণ্ডি। সৌদি সরকার জানিয়েছে, অত্যধিক গরমের কারণেই এত মৃত্যু।
গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কারও রাস্তায়, কারও হাসপাতালে মৃত্যু হয়। গরমজনিত অসুস্থতায় বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে আরও ৯৫ জন চিকিৎসাধীন বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহ্দ বিন আব্দুররহমান আল-জালাজেল জানিয়েছেন, সরকারি হিসাব অনুযায়ী হজযাত্রায় ১৩০১ জন বিদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮৩ শতাংশ পুণ্যার্থীই অননুমোদিত। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে তাঁরা মক্কায় পৌঁছেছেন। হজের পর তাঁদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। মক্কায় এখনও কিছু মানুষ চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে কয়েক জনকে আবার আকাশপথে জরুরি ভিত্তিতে রাজধানী শহর রিয়াধেও পাঠানো হয়েছে।সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১৩০১ জনের মধ্যে ৬৬০ জন শুধু মিশর থেকেই হজে গিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ৩১ জন ছাড়া কারও অনুমোদন ছিল না।এছাড়াও ইন্দোনেশিয়ার ১৬৫ জন, ভারতের ৯৮ জনের মৃত্যু হয়েছে হজে গিয়ে। জর্ডন, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, মালয়েশিয়ার মানুষও এই তালিকায় রয়েছে। আমেরিকার দু’জন নাগরিক হজযাত্রায় মারা গিয়েছেন।
