
গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে পণবন্দী-মুক্তি বিষয়ক চুক্তি স্বাক্ষর করানোর চেষ্টা চালাতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে ন’বারের মতো ওই অঞ্চল সফরে আছেন ব্লিঙ্কেন এই সফরের কিছুদিন আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা ও ব্যবধান দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে দূর করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছুটা পরিবর্তিত নমনীয় এক প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এর আগে গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় গাজাযুদ্ধ নিয়ে দু’পক্ষের মধ্যে আবারও আলোচনা শুরু হয়।এরপর থেকেই যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা একটি চুক্তির ব্যাপারে আশা করে আসছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাস।এই অবস্থায় হামাস জোর দিয়ে বলেছে যে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা, সেটি নিয়ে এখনও চুড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সব মিলিয়ে যুদ্ধবিরতির যে চুক্তির কথা বলা হচ্ছে, তা পুরো ভুল বলে মন্তব্য করেছে হামাস।এদিকে,আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।বৈঠকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের ওপর আবারও চাপ দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেদিক থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ আমেরিকা আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই হয়ত যুদ্ধবিরতির বিষয়ে কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।









