
জলদাপাড়া অভয়ারণ্যে হলং বাংলোয় অগ্নিকাণ্ডের পিছনে ইঁদুরের দৌরাত্ম্যেই শর্ট সার্কিট হয়েছিল। এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন। জুন মাসে হলং বাংলোয় অগ্নিকাণ্ডের পিছনে যে ইঁদুরকুলের কলকাঠি রয়েছে, এমন সন্দেহ প্রথম থেকেই করছিলেন স্থানীয় বনকর্তারা।
তাঁদের দাবি ছিল, কাঠের তিনতলা ওই বন বাংলোয় ইঁদুরের দৌরাত্ম্যেই বিদ্যুতের শর্ট সার্কিট হয়। ছয় সদস্যের কমিটিও প্রায় চার সপ্তাহ ধরে অনুসন্ধানের পরে ইঁদুরের দিকেই আঙুল তুলেছে। সেই মর্মে রিপোর্টও জমা পড়েছে বলে বন দফতরের খবর। তদন্ত বলছে— বাংলোটি আদ্যন্ত কাঠের। কাঠের দু’টি স্তরের মধ্যে যে ফাঁক, ইঁদুরের ঘরগেরস্থালি ছিল সেখানেই। বহু বার চেষ্টা সত্ত্বেও তাদের সেখান থেকে নির্মূল করা যায়নি।
