
প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে হাওড়ার উত্তর উনসানি এলাকার একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই কারখানার ভিতরে প্রচুর প্লাস্টিকের সামগ্রী মজুত থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। কী থেকে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। সেই সময় কারখানা বন্ধ ছিল। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
