
ভোটদানে উৎসাহ বাড়াতে হাওড়ার আমতার যোগেশ চন্দ্র বালিকা বিদ্যালয় সেজে উঠেছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের আদলে। যাতায়াতের জন্য রাস্তায় রাখা হয়েছে হাওড়া ব্রিজের কাটআউট।
এমনকি, বিদ্যালয়ে প্রবেশ করলেই বাঁটুল দি গ্রেট আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। একইসঙ্গে সেখানে তৈরি করা হয়েছে সেলফি জোনও। সোমবার সকাল থেকে সেখানে ভোট দিতে গিয়ে হতবাক হয়েছেন স্থানীয়রা। পাশাপাশি নতুন ভোটাররা সেলফি জোনে গিয়ে চুটিয়ে সেলফি ক্লিকও করেছেন। ভোটের দিন নতুন ভোটাদের ভোটকেন্দ্রে টানতেই এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার পাশাপাশি মায়েদের সঙ্গে ভোট কেন্দ্রে আসা শিশুদের মনোরঞ্জনের একাধিক ব্যবস্থা থাকছে। এছাড়াও ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভোট দিতে এসে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা কেন্দ্র এছাড়াও ছোট বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থার করা হয়েছে। এদিকে ব্যারাকপুরের হিন্দি স্কুলও সেজে উঠেছে মডেল বুথ হিসেবে। গ্রামের আদলে থিম-র ছোঁয়া পেয়েছে ব্যারাকপুরের হিন্দি স্কুল। বুথ সাজানোর জন্য ব্যবহৃত হয়েছে খড়, বেতের হাতপাখা, থেকে শুরু করে বেতের কুলোও।
