উত্তরপ্রদেশের হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট-র ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু ও মহিলা। আহত হয়েছেন ১০০ জনের বেশি ভক্ত।
জানা গিয়েছে, মঙ্গলবার রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতেই বহু জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে এক স্থানীয় ধর্মগুরুর সৎসঙ্গ বা ভক্ত সমাবেশে দুর্ঘটনা ঘটেছে। ঠিক কীভাবে এমনটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী ভাবে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং এই পদপিষ্টের ঘটনা শুরু হল তা পুরোপুরি স্পষ্ট নয়।সূত্রের খবর, আহতদের উদ্ধার করে এটা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দেহগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এরমধ্যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিকন্দরারাউ হাসপাতালে আহতদের নিয়ে গেলেও সেখানে চিকিৎসা করার মতো পর্যাপ্ত চিকিৎসক ছিল না। হাসপাতালে একজন চিকিৎসক ছিলেন।এছাড়াও ঘটনার পর দেড় ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের কোনও আধিকারিক আসেননি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।এই পরিস্থিতিতে মুঘলাগড়ি গ্রামে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিং। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলে রয়েছেন।এদিকে, ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন আগরার অতিরিক্ত ডিজি।








