
তেলেঙ্গানায় রাস্তায় মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ সংলগ্ন রঙ্গা রেড্ডি জেলায়।
ঘটনাচক্রে, দু’সপ্তাহ আগেই ভিন্জাতের এক তরুণকে বিয়ে করেছিলেন ওই পুলিশকর্মী। সূত্রের খবর, ওই বিয়েতে মত ছিল না মহিলা পুলিশকর্মীর পরিবারে। প্রাথমিক ভাবে অনুমান, পরিবারের সম্মান রক্ষার অজুহাতে ওই মহিলা পুলিশকর্মীকে খুন করা হয়ে থাকতে পারে। ওই কনস্টেবল রঙ্গ রেড্ডি জেলার হায়াথনগর থানায় কর্মরত ছিলেন। সোমবার সকালে স্কুটারে রাইপোল থেকে মান্নেগুড়ার দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর দাদা একটি গাড়ি নিয়ে পিছন থেকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারেন তাঁর স্কুটারে। তিনি রাস্তায় পড়ে যাওয়ার পরে অভিযুক্ত একটি দা দিয়ে তাঁর উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলা পুলিশকর্মীর। বোনকে কুপিয়ে খুনের পর অভিযুক্ত দাদা এলাকা ছেড়ে পালিয়ে যান।হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই মহিলা কনস্টেবলের দেহ উদ্ধার করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মহিলা কনস্টেবলের বিয়েতে আপত্তি ছিল তাঁর ভাইয়ের। সেই কারণে পরিবারের সম্মান রক্ষার অজুহাতে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত মহিলা কনস্টেবলকে খুনের অভিযোগে তাঁর দাদার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি সম্পত্তির ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে কোনও বিবাদ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।






