
জম্মু-কাশ্মীরে শোচনীয় ফল এবং হরিযানায় হারের হ্যাটট্রিকের পিছনে অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরাজয়ের পর্যালোচনা বৈঠকে ক্ষোভে ফেটে পড়ে এমনই বক্তব্য রেখেছেন তিনি।
জম্মু-কাশ্মীরে শোচনীয় ফল এবং হরিয়ানায় হারের হ্যাটট্রিকের পর ইন্ডিয়া জোটে বেশ খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। রাহুল গান্ধী বলেছেন, হরিয়ানার কংগ্রেস নেতৃত্ব স্বার্থপর এবং তাঁদের কারণেই দলকে হারতে হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর বাসভবনে নেতাদের বৈঠকে ডেকেছিলেন। রাজ্যসভায় কংগ্রেস দলনেতা খাড়্গে ছাড়াও বৈঠকে ছিলেন হরিয়ানা ভোটের পর্যবেক্ষক অজয় মাকেন, অশোক গেহলট, দীপক বাবারিয়া এবং কেসি বেণুগোপাল। সূত্রে জানা গিয়েছে, বৈঠকে আগাগোড়া চুপ করেই বসেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু, তাঁর বক্তব্যের সময় এলে রাহুল গান্ধী পরাজয়ের পিছনে দুটি বড় কারণ তুলে ধরেছেন। প্রথমত, ভোটযন্ত্র এবং নির্বাচন কমিশনের কারচুপি।
দ্বিতীয় বিষয়টি প্রসঙ্গে রাহুলের অভিযোগ, রাজ্য নেতাদের জন্যই দলের হার হয়েছে হরিযানায়। তাঁর কথায়, হরিয়ানার নির্বাচনে কংগ্রেস জেতার অবস্থায় ছিল। কিন্তু, স্থানীয় নেতাদের জন্যই তা হয়নি।
ছবি সৌজন্যে – এক্স
