
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়েছে।এসময় ট্রাইব্যুনাল জানতে চান, শেখ হাসিনা কোথায়? তখন চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন।
তবে ইন্টারপোল এবং বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।পরে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।এদিকে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যাদেরকে হাজির করা হয়েছে তারা হলেন,প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু,প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী,প্রাক্তন মন্ত্রী দীপু মনি,প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন মন্ত্রী কামাল আহমেদ মজুমদার,প্রাক্তন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,প্রাক্তন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক,প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম। এরপরেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-অগাস্টের গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
