
হিরণ সহ ঘাটালের সব প্রার্থীর প্রাপ্ত ভোটের সমসংখ্যক গাছ পোঁতা শুরু করে দিলেন দেব। ফলঘোষণার ৪ দিন পরেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে নেমে পড়েছেন অভিনেতা সাংসদ দেব।
দেব জানিয়েছিলেন ২৪-র লোকসভা ভোটে ঘাটালে নোটা বাদে যত ভোট পড়েছে তত গাছ লাগাবেন তিনি। প্যাচপেচে গরমে ঘেমেনেয়ে গাছ লাগাতে লাগাতেই দেব বলেছেন গ্লোবাল ওয়ার্মিং রুখতে এটাই একমাত্র পথ। তিনিই একমাত্র সাংসদ যিনি এই লক্ষ্যে কাজ করছেন দাবি করে দেব বলেছেন তিনি চান ঘাটালকে সবুজ দেখতে। ঘাটাল লোকসভায় অন্তত ১৫ লাখ ভোট পড়েছে। তিনবারের সাংসদ দেব জানিয়েছেন আগামী ৫ বছর ধরে ঘাটালের ৭ বিধানসভায় ১৫ লাখ বৃক্ষরোপণ করা হবে। সবং, ডেবরা, পিংলা, কেশপুর, দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ায় প্রথম দিনেই ১০ হাজার গাছ লাগানো তাঁর টার্গেট। চারাগাছের জন্য ১০টি নার্সারিতে বরাতও দেওয়া হয়েছে।
