
দ্রোহের আলো কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের হুমকি, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, সোমবার রাত ১২টা নাগাদ দ্রোহের আলো কর্মসূচি শেষ করে রাসবিহারী থেকে ফেরার সময়, কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে কয়েকজন হুমকি দিতে শুরু করে।
এরপর গাড়ি ধাওয়া করে এক্সাইড মোড়ে এসে রাস্তা আটকানো হয়। ভেঙে দেওয়া হয় আন্দোলনকারীদের গাড়ির কাচ। আন্দোলনকারীদের দাবি, তাঁদের নিশানা করেই এই হামলা চালানো হয়েছে। আন্দোলনকারী এক ব্যক্তির কথায়, দুষ্কৃতীরা প্রথমে তাঁদের গাড়ি খোলার চেষ্টা করে। ভিতরে ছিলেন তিনজন মহিলা। গাড়ির দরজা লক থাকায় খুলতে না পেরে প্রথমে কাচ ভাঙা হয়। পরে গায়ে হাত তোলা হয়।
আন্দোলনকারীদের দাবি, ময়দান ও শেক্সপিয়র সরণি থানায় ফোন করেও পুলিশ আসেনি। এরপর ১০০ ডায়ালে ফোন করায়, শেক্সপিয়র সরণি থানার পুলিশ আসে। শেষপর্যন্ত ওই থানায় অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা।
ছবি সৌজন্যে : নিজস্ব







