
তুমুল যুদ্ধের পরে রাশিয়ার পশ্চিমে কুর্স্ক অঞ্চলের ১০০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।ইউক্রেন সেনা শীর্ষস্থানীয় কমান্ডার আলেকজ়ন্ডার সিরস্কি বলেছেন, প্রথমবার রাশিয়ার মাটিতে হানা দিয়ে তারা বড় সাফল্য পেয়েছেন। কুর্স্ক অঞ্চলের ১০০০ বর্গকিলোমিটারের বেশি অঞ্চল এখন তাদের দখল।
এখনও অভিযান শেষ হয়নি।সূত্রের খরব, কুর্স্ক শহর এখন কার্যত ইউক্রেন সেনার ঘেরাটোপে। লাগোয়া বেলগোরদ ও ব্রিয়ানস্ক অঞ্চলেও তারা লাগাতার হামলা চালাচ্ছে।এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কুর্স্কে সামরিক বিপর্যয় কার্যত মেনে নিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন সেনা তাদের দক্ষিণ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে। তারা রাশিয়ায় অখণ্ডতা এবং স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। দ্রুত তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য রাশিয়ার সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ৬ অগস্ট সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুর্স্কে অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী। তাঁরা এরমধ্যে রুশ সীমান্তের ৩০ কিলোমিটারের বেশি গভীরে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন অভিযানের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সিরস্কি।








