২৪ ঘন্টা প্রচার বন্ধ অভিজিতের, বি জে পি –র প্রতিবাদ 

0
186
Abhijits 24 hour campaign stop BJP protests
Abhijits 24 hour campaign stop BJP protests

তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। তার পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ করেছে কমিশন মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এর আগে প্রকাশ্য সভায় মমতাকে কুকথার জন্য অভিজিৎকে ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন।জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে।২০ মে, সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন।সূত্রের খবর,জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে, কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ করেছেন অভিজিৎ। আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তৃণমূলের দাবি ছিল, মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচি’র পরিচয় দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী,নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে। বিজেপি প্রার্থীর উপর নিষেধাজ্ঞা জারি করে কোনও জনসভা, রোড-শোতে বা একান্ত সাক্ষাৎকারে যোগদানে তাঁকে বিরত রাখতে হবে। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অন্য কোনও বিজেপি নেতা যাতে ভবিষ্যতে এই ধরনের ব্যক্তিগত এবং অসম্মানজনক মন্তব্য না করেন তা-ও নিশ্চিত করার আবেদন কমিশনে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বি জে পি -র মুখপাত্র শমীক ভট্টাচার্য।