
সোমবার প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চই শুনবে এই মামলা।
কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার থেকে সেই মামলার শুনানি শুরু হচ্ছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হতে পারে।সোমবার এসএসসির নিয়োগে দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বির রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। এতে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। যারা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।








