
রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগ করলেও রাজ্যের দুই পুলিশকর্তার বিষয়ে পদক্ষেপ শুরু করা হয়নি, এমনই দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের দাবি, আইএএস-দের নিয়ন্ত্রক কেন্দ্রীয় কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দফতর ডিওপিটি।
আইপিএস-দের ক্ষেত্রে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু যে রাজ্য ক্যাডারে সংশ্লিষ্ট পুলিশ-কর্তারা কাজ করছেন, তাদের অনুমতি ছাড়া সরাসরি কোনও পদক্ষেপ করতে পারে না স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য অনুমতি না দিলে বড়জোর মন্ত্রক সেই পুলিশ কর্তাদের কেন্দ্রে বদলির নির্দেশ দিতে পারে। কিন্তু তার পরেও রাজ্য না ছাড়লে সরাসরি আর কিছু করার থাকে না স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করা হচ্ছে কি না, গত রবিবার থেকে সেই জল্পনা শুরু হয়েছিল প্রশাসনিক মহলে। অন্যদিকে, রাজ্য প্রশাসনের শীর্ষ মহলও দাবি করেছে, সংশ্লিষ্ট পুলিশ-কর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য কোনও পদক্ষেপের তথ্য এখনও তাদের কাছে অজানা। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ।
