
দুই রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন জেলে নেই। এমনই প্রশ্ন তুলে ইন্ডিয়া জোটে শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস নেতা প্রার্থী রাহুল গান্ধী।
শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণের আবহে রাহুল গান্ধীর মন্তব্যে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ইন্ডিয়া জোটে। কন্নুরে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, তিনি ২৪ ঘণ্টা বিজেপিকে নিশানা করছেন, অন্যদিকে কেরলের মুখ্যমন্ত্রী ২৪ ঘণ্টা তাঁকে আক্রমণ শানিয়ে চলেছেন। এটা সত্যিই বিস্ময়কর। রাহুল গান্ধী আরও বলেছেন, পিনারাই বিজয়ন বলেন বিজেপির বিরুদ্ধে তাঁর মতাদর্শগত লড়াই। যদি তাই হল তাহলে বাকিদের মতো বিজেপিও তাঁর বিরুদ্ধে সব অস্ত্র প্রয়োগ করে আক্রমণ শানাতো। কিন্তু আশ্চর্যের বিষয় কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একবারও মুখ খোলেনি বিজেপি। কেরলের মানুষের বিষয়টি নিয়ে ভাবা উচিত।তবে রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। তিনি বলেছেন, রাহুল গান্ধীর উচিত অবিলম্বে এহেন মন্তব্য প্রত্যাহার করে নেওয়া।
