
সহকর্মীর বিচারের দাবিতে ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছে আর জি করের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সিপি-র পদত্যাগের দাবিতে এই অভিযান হবে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বেশকিছু দাবির মধ্যে অন্যতম ছিল সিপি-র পদত্যাগ।
সেই দাবিতেই এবার পথে নামছেন চিকিৎসকরা। এখনই আন্দোলন থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই সেকথা জানিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেছেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩ রা সেপ্টেম্বর পেন ডাউন কর্মসূচি করা হবে। তবে এব্যাপারে বিভিন্ন চিকিৎসক সংগঠন, বিভিন্ন মেডিক্যাল কলেজের সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত ঘোষণা করা হবে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাদের যে কনভেনশন হয়েছে তাতে বিভিন্ন বিভাগের ডিপার্টমেন্টাল হেড থেকে সিনিয়র চিকিৎসক এমনকি এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও তাঁদের আন্দোলনের পাশে রয়েছেন বলে জানিয়েছেন। তাঁরাও প্রত্যেকে জাস্টিস চাইছেন। তাই বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
