
আগামী ৫ বছরে দেশে আরও ৫০টি বিমানবন্দর তৈরি করবে কেন্দ্রীয় সরকার। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু।
দিল্লিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়া হেডকোয়ার্টাস অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিগত এক দশকে দেশে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ করে ১৫৭ -এ পৌঁছেছে।
আগামী ২০ বছরের মধ্যে আরও ২০০টি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। বিমানবন্দর তৈরি হলে বিপুল কর্মসংস্থান যেমন হবে, তেমনই বাণিজ্যিক বৃদ্ধিও হবে।অসামরিক বিমান সেক্রেটারি ভি ভুয়ালনামও বিগত কয়েক বছরে বিমানযাত্রার সংখ্যা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন। গত বছরে দেশে ২২০ মিলিয়ন অর্থাৎ ২২ কোটিরও বেশি মানুষ বিমানে যাতায়াত করেছিলেন। আগামী ৫ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, সম্প্রতিই কেন্দ্রের আকাশপথে আঞ্চলিক প্রকল্প-উড়ান ৮ বছর পূরণ করেছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে দেশে ৭১টি বিমানবন্দর, ১৩টি হেলিপোর্ট, ২টি ওয়াটার অ্যারোড্রোমে মোট ৬০১টি রুট চালু রয়েছে।
ছবি সৌজন্যে :সংগৃহীত
