
৬১৩ দিন ধরে এক বৃদ্ধের শরীরে বাসা বেঁধেছিল করোনা ভাইরাস। জানা গিয়েছে নেদারল্যান্ডসের সত্তরোর্ধ্ব বৃদ্ধের শরীরে ৫০ বারেরও বেশি মিউটেশন ঘটিয়েছিল ঘাতক ভাইরাস।
২০২৩ সালে মৃত ওই ব্যক্তি সম্পর্কে গবেষণা চালাচ্ছিলেন গবেষকরা। তারাই এই খবর জানিয়েছে। যদিও ৭২ বছরের মৃত ওই বৃদ্ধের নাম অবশ্য প্রকাশ করা হয়নি গবেষণাপত্রে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে একদল গবেষক এই গবেষণা সংক্রান্ত রিপোর্ট পেশ করবেন আগামী সপ্তাহে বার্সেলোনায় ইএসসিএমআইডি গ্লোবাল কংগ্রেসে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে করোনা আক্রান্ত হন ওই ব্যক্তি। কুড়ি মাস পরে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, আক্রান্ত হওয়ার পর থেকেই ওই ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়তে থাকে। গবেষণা বলছে, আক্রান্ত হওয়ার পর থেকে ওই বৃদ্ধের শরীরে লাগাতার মিউটেশন চালিয়ে গিয়েছে করোনা ভাইরাস। সব মিলিয়ে ৫০ বারেরও বেশি। গবেষকরা জানাচ্ছেন, কোভিড টিকার একাধিক ডোজ নিয়েছিলেন বৃদ্ধ। তবুও ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হন তিনি।
