
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার ফের দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে ফের কমবেশি ঝড়বৃষ্টি শুরু হবে উত্তরের সব জেলায়।
