
দূষণের মাত্রা কমলেও আগামী ৭২ ঘণ্টা দিল্লি এবং সংলগ্ন এনসিআরে কড়া বিধি জারি থাকবে। এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লিতে দূষণের মাত্রা কিছুটা কমেছে। বাতাসের গুণমানের সূচক অতি ভয়ানক থেকে খুব খারাপ পর্যায়ে উঠেছে।
তারপরেও সুপ্রিম কোর্ট এখনই রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণের চতুর্থ স্তরের পদক্ষেপ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ প্রত্যাহার করার পক্ষপাতী নয়। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা দিল্লি এবং সংলগ্ন এনসিআরে চালু থাকবে জিআরএপি-৪। বিচারপতি অভয় এস ওকার পর্যবেক্ষণ, জিআরএপি চতুর্থ পর্যায় থেকে কমিয়ে দ্বিতীয় পর্যায়ে করা হবে কিনা, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। জিআরএপি-৪ চালু থাকার কারণে ভিন্রাজ্য থেকে সীমানা পেরিয়ে দিল্লিতে ট্রাক প্রবেশের উপর বিধিনিষেধ রয়েছে। জরুরি পণ্য বহন করছে না এমন ট্রাক এখন দিল্লিতে প্রবেশ করতে পারে না। যদিও এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার দিল্লির সীমানায় নজরদারি বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, ট্রাকের প্রবেশ কী ভাবে বন্ধ করে দিল্লি সরকার। এনসিআরে ট্রাকের প্রবেশে নজরদারি চালানোর জন্য বিশেষজ্ঞদের দলের প্রয়োজন।
