
৭৫ মিনিট অপেক্ষার পরে আর জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ঢুকতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার থেকে টানা ৯ দিন জিজ্ঞাসাবাদের পর রবিবরা সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হাজির হয়েছে সিবিআই।
রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ সন্দীপ ঘোষের বাড়ির সামনে পৌঁছে গিয়েছে সিবিআই-র একটি টিম। ওই দলে রয়েছেন এক মহিলা আধিকারিক-সহ সাত জন। দরজার বাইরে দাঁড়িয়ে প্রায় ১ঘন্টার বেশি ডাকাডাকি করেছেন সিবিআই আধিকারিকরা। চার তলা বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর সিবিআইয়ের দলের সকলকে বলা হয়, ফোনে সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু সূত্রের খবর, ফোন বেজে গিয়েছে, কেউ উত্তর দেননি। দীর্ঘ ৭৫ মিনিট পর অবশেষে সন্দীপ ঘোষ দরজা খুললে সিবিআইয়ের কয়েক জন আধিকারিক ভিতরে ঢুকেছেন। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন, আর জি করে আর্থিক অনিয়মের মামলার দুটিতেই সিবিআই-র আতশকাঁচের তলায় রয়েছেন আর জি কর-র প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁর বাড়িতে নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। বেলেঘাটা থানার ওসির নজরদারিতে সন্দীপের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে। সেই পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।
