
৮২ পেড়িয়ে ৮৩তে পা রেখেছেন বিগ বি অমিতাভ বচ্চন। তবুও বলিউডের এই অভিনেতার কাছে বয়স কেবলমাত্র একটা সংখ্যা। বিগ-বি-র জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন ভক্তরা। ৫৭ বছর আগে রিলিজ করেছিল সাত হিন্দুস্তানি ছবি।
সেই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। বাকিটা ইতিহাস। ১১ অক্টোবর সিনেমার জগতের কিংবদন্তি অমিতাভ বচ্চনের জন্মদিন। জীবনের পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। তিনি নিজেই একটা ইন্ডাস্ট্রি। নিজের সময় তো একাই পর্দা কাঁপিয়েছেন, বর্তমানে কলকি’র মত ছবিতে তিনি অভিনয়ে টেক্কা দিচ্ছেন এযুগের সুপারস্টারদেরও। ১৯৬৯- এ চলচ্চিত্র জগতে অমিতাভের পা রাখা মৃণাল সেনের ভুবন সোম ছবিতে। তবে প্রথম ছবিতে শুধু ব্যবহার করা হয়েছিল তাঁর গলা। প্রথম অভিনয় সাত হিন্দুস্থানি ছবিতে। কিন্তু সারা দেশ তাঁকে প্রথম যে ছবির জন্য মনে রাখল, তা হল জঞ্জির।
তারপর দিওয়ার, শোলে, কালা পাথর, অভিমান, মিলি গুড্ডি, সিলসিলা, নমক হারাম, একের পর এক হিট ছবি এসেছে তাঁর হাত ধরে। তাঁর ফিল্মি কেরিয়ার পাঁচ দশক পার করেছে, তবু এতটুকু ফিকে হয়নি অমিতাভ-ম্যাজিক।
