
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার রাত ৮টা থেকে সোমবার ভোর ৪টে, আট ঘণ্টারও বেশি সময় পরে ধর্মতলার ধর্নামঞ্চ ছেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।
তবে উদ্যোক্তাদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন তাঁরা। লড়াই চালানোর ইঙ্গিত রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টেও। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, বাড়ি ফিরছেন। লড়াই চালিয়ে যেতেই হবে। বিচার না আসা পর্যন্ত। তবে উদ্যোক্তাদের তরফে পরবর্তী কর্মসূচির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ধর্না কর্মসূচি চলতে পারে। তবে যানজটের কথা মাথায় রেখে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে সরিয়ে এনে কাছাকাছি কোনও ফাঁকা জায়গায় ধর্নামঞ্চ তৈরি করা হতে পারে। রবিবার আর জি কর-কাণ্ডে সব দোষীর বিচার চেয়ে আমরা তিলোত্তমা’র ব্যানারে অরাজনৈতিক মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে বিভিন্ন বয়সের, বিভিন্ন মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো। মিছিলে সাধারণের ভিড়ে মিশেই বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকেও। যোগ দিয়েছিলেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়রাও। সন্ধ্যার কিছু আগে মিছিল ধর্মতলায় পৌঁছনোর পর জুনিয়র ডাক্তারেরা কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। তার পর উদ্যোক্তারা জানান, ভোর ৪টে পর্যন্ত ধর্না চলবে। মিছিলের ভিড় খানিক পাতলা হয়ে গেলেও অনেকেই ঠায় বসে থাকেন রাস্তায়। ভোর ৪টের সময়েও ধর্নামঞ্চে স্বস্তিকা, সোহিনী, বিদীপ্তার সঙ্গেই দেখা যায় দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, চিত্রপরিচালক বিরসা দাশগুপ্তকে।
