
ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ১৩ চিকিৎসককে একসঙ্গে নোটিস দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
যদিও আইএমএ-র দাবি আর জি করকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করায় একসঙ্গে ১৩ জন চিকিৎসককে নোটিস দেওয়া হয়েছে। তবে সিএমওএইচের অভিযোগ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ১৫টা, কেউ ১৬, কেউ আবার ২৯ টি নার্সিংহোনের সঙ্গে যুক্ত। ডাক্তারদের পাশাপাশি প্রায় ৭০টি নার্সিং হোমকেও নোটিস দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই বেনিয়ম ধরা পড়েছে খবর। তারপরেই জেলা প্রশাসনের তরফে জেলা স্বাস্থ্য দফতরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এরপরেই ধরা পড়ে বেনিয়ম। জেলা স্বাস্থ্য দফতরের তরফে ৩টি বা তার বেশি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ৯৩ জন চিকিৎসককে চিঠি দিয়ে জবাব জানতে চাওয়া হয়েছে।
