
ওড়িশার পর এ বার তেলেঙ্গানায় আবার সেই ইঞ্জিনিয়ারের বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে। আয়বহির্ভূত সম্পত্তির মামলায় তেলেঙ্গানার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার মোহন নায়েক জারুপলার বাড়িতে তল্লাশি অভিযানে যায় রাজ্যের দুর্নীতিদমন শাখা।
ইঞ্জিনিয়ারের বাড়ি-সহ বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশি অভিযানের সময় ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে নগদ ১৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। ১৫টি ঠিকানায় তল্লাশি চালায় এসিবি। তদন্তকারী সূত্রের খবর, নিজামাবাদ জেলায় ২০ একরের উপর কৃষিজমির হদিস মিলেছে। যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকারও বেশি। এসিবি সূত্রে খবর, ইঞ্জিনিয়ারের সাতটি ফ্ল্যাটের হদিস মিলেছে। তার মধ্যে তিনটি রয়েছে কোমপল্লিতে এবং চারটি গাছিবোওলিতে। এই সাতটি ফ্ল্যাটের মিলিত বর্তমান বাজারদর সাড়ে ৭ কোটি টাকা।মিঞাপুরে বিশাল রিসর্ট, বাংলো-সহ মোট তিনটি বাড়ি রয়েছে ইঞ্জিনিয়ারের।
এ ছাড়াও কুকটপল্লিতে আরও একটি বিলাসবহুল বাড়ির হদিস মিলেছে। নিজ়ামপেটে একটি ভিলাও রয়েছে ইঞ্জিনিয়ারের।
