পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ রোহিঙ্গা! পেলেন কোথায়? তোপ মমতার

0
189
ছবি সৌজন্যে :ফেসবুক
অনুপ্রবেশ নিয়ে কুৎসা শুরু করেছে বিজেপি। অভিযোগ করা হচ্ছে, ১৭ লক্ষ রোহিঙ্গা বাস করছে পশ্চিমবঙ্গে। একুশের মঞ্চ থেকে বিজেপির এই অভিযোগের পালটা সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পালটা তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, রাষ্ট্রসংঘ বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা ১০ লক্ষ। তাহলে বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা কোথায় পেলেন বিজেপি নেতারা? শুধু তাই নয়, অনুপ্রবেশ ও দেশজুড়ে পশ্চিমবঙ্গে ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তৃণমূল নেত্রী। বৃহত্তর পরিসরে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। যার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে। এই ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে মমতা বলেছেন, একটা নোটিফিকেশন লুকিয়ে বানিয়ে বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়ে বলা হয়েছে যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাঁকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে এক মাস।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে হাজার হাজার বাংলাভাষী মানুষকে জেলবন্দি করা হয়েছে বলে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলছে, ওরা বলছে বাংলা ভাষায় কথা বলা যাবে না, কে মাছ খাবে, ডিম খাবে ওরা ঠিক করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সুরক্ষিত করা হবে।