
অসমের ডিমা হাসাওয়ের ব়্যাট হোল খনিতে জল ঢুকে পড়ায় ভিতরে আটকে পড়েছিলেন ৯ জন শ্রমিক। অবশেষে বুধবার তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী।
এখনও সেখানে আটজন আটকে রয়েছেন। বাড়ছে চাঞ্চল্য। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। গত সোমবার অবৈধ খনির ১০০ ফুট গভীরে জল পৌঁছে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ও দমকলের পাশাপাশি উদ্ধারকাজে নামে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধ পেয়ে খনি থেকে শ্রমিকদের উদ্ধারে সাহায্য করছে সেনা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাঁদের হাসপাতালে পৌঁছতে প্রস্তুত রয়েছে সেনার হেলকপ্টার। জানা গিয়েছে, ক্রেন এবং দড়ির ব্যবহারে খনিতে নেমেছেন উদ্ধারকারীরা।এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, ওই খনি বেআইনি। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কয়লামন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়েছে। মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, কোল ইন্ডিয়ার এক উদ্ধারকারী দল শিগগিরি ওই উদ্ধারকাজে যোগ দেবে।
