
আগুনে পুড়ে চা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জতে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ী বরুণ মণ্ডল।
জানা গিয়েছে,আগুন লেগে যাওয়ার পর প্রতিবেশীরা বরুণের মা, বউ ও ছেলে মেয়েদের ঘর থেকে বার করতে পারলেও বরুনকে আর বের করা যায়নি। বরুণ মণ্ডল ৩৫ বছর বয়স আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কি ভাবে আগুন লেগেছে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। এদিকে, নদিয়ার মাজদিয়ার মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মাজদিয়া স্টেশন এলাকায় একটি মিষ্টির দোকানে মঙ্গলবার ভোর চারটে নাগাদ সেই দোকানে আগুন লাগে। ওই দোকানে আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রা ছুটে যান সেখানে। লোকজনই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। আগুনের লেলিহান শিখা তখন অনেকটাই দোকানকে গ্রাস করেছে। কিছু সময় পরে ভিতর থেকে সিলিন্ডার ফাটার আওয়াজও আসে। তাতে আগুনের মাত্রা আরও বেড়ে যায়। সেই আগুন নেভাতে গিয়েই গুরুতর জখম হন অরুণ সিং ও চঞ্চল হালদার নামে দুই স্থানীয়। তাঁদের উদ্ধার করে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে কি ওই আগুন লাগল? নাকি অন্য কোনও কারণ? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।









