
কোভিডে কর্মরত অবস্থায় প্রাণ হারানো এক স্কুল প্রধানশিক্ষকের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চ ৪ সেপ্টেম্বর এক রায়ে স্পষ্ট করে জানিয়েছে, প্রধান শিক্ষক শিবনাথ প্রসাদের মৃত্যু কোভিড দায়িত্ব পালনের সময় সংক্রমিত হওয়ার ফলেই হয়েছিল।
শিবনাথ প্রসাদ ১৯৯৩ সালে সহকারী শিক্ষক হিসেবে দিল্লি সরকারের চাকরিতে যোগ দেন এবং মৃত্যুকালে তিনি নিথারি এমসিডি প্রাইমারি বয়েজ স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। ২০২০ সালে দিল্লি সরকার একটি বিশেষ স্কিম চালু করে, যেখানে বলা হয়েছিল যে, কোনও সরকারি কর্মী যদি কোভিড দায়িত্ব পালনের সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান, তবে তাঁর পরিবারকে মরণোত্তর ১ কোটি টাকা দেওয়া হবে। অভিযোগ, শিবনাথ প্রসাদকে এপ্রিল ২০২১-এ কোভিড সম্পর্কিত দায়িত্বে নিয়োগ করা হয়েছিল।
ওই মাসের ২৪ তারিখে তিনি সংক্রমিত হন এবং মাত্র চার দিন পর, ২৮ এপ্রিল তিনি মারা যান। শিবনাথ প্রসাদের স্ত্রী ক্ষতিপূরণের আবেদন করলে শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর ফাইলে কিছু আপত্তি’র কারণ দেখিয়ে সেই আবেদন নাকচ করে দেন। পরে তিনি হাইকোর্টে যান, কিন্তু সিঙ্গল বেঞ্চও আবেদন খারিজ করে দেয়।






