
তামিলনাড়ুতে হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, গুরুতর জখম ১৮ জন। থেনপেন্নাই নদী উৎসব চলাকালীন হঠাৎই একটি হিলিয়াম সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণে মৃত্যু হয় এক জনের।
সে সময় ঘটনাস্থলে অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ১৮ জন আহত হন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেলুনে গ্যাস ভরার সময়েই কোনও ভাবে হিলিয়াম ভর্তি সিলিন্ডারটি ফেটে যায়। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার ভয়াবহতায় আতঙ্কে স্থানীয়রা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের দফতর থেকে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী। আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
