
মুম্বইয়ে ভেঙে পড়েছে মেট্রোর নির্মীয়মাণ পিলারের অংশ। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মুলুন্ড ওয়েস্ট এলাকায়। প্রাথমিক ভাবে সংবাদ সংস্থা জানাচ্ছে, দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন আরও তিন জন। যদিও নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।রাস্তার উপরে একটি অটো এবং একটি গাড়ির উপরে ভেঙে পড়ে পিলারের সিমেন্টের স্ল্যাব। ভেঙে পড়া ওই চাঁইয়ের নীচে চাপা পড়ে সম্পূর্ণ থেঁতলে গিয়েছে অটোটি। ক্ষতিগ্রস্ত অপর গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে পশ্চিমবঙ্গে। গাড়িটির বনেটও থেঁতলে গিয়েছে। শনিবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মুলুন্ড ওয়েস্ট এলাকায় এলবিএস রোডের উপর দিয়ে মেট্রোর লাইন সম্প্রসারণের কাজ চলছে। দুপুরে মেট্রোর ওই নির্মীয়মাণ পথের একটি অংশ ভেঙে পড়ে রাস্তায়। মেট্রো লাইনের ধার দিয়ে যে গার্ড ওয়ালের জন্য সিমেন্টের স্ল্যাব বসানো ছিল। সেই স্ল্যাবগুলির মধ্যেই একটি এসে পড়ে অটো এবং একটি গাড়ির উপরে।
স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকলকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রোর আধিকারিকেরাও। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানিয়েছেন, দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। মেট্রোর নির্মাণকাজ চলাকালীন সুরক্ষাবিধি ঠিক মতো পালন করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।







