
বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বৈঠাভাঙা জঙ্গলে। পুলিশ সূত্রে খবর, মৃত মৎস্যজীবী বছর ৩০-র বর্ণধর মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরবেলা তিন জন সঙ্গী নিয়ে বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বর্ণধর।
হঠাৎ করে জঙ্গল থেকে কাঁকড়া ধরার সময় আচমকা একটি বাগ বর্ণধরের উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের মুখ থেকে বর্ণধরেকে বাঁচাতে নৌকাতে থাকা লাঠি নিয়ে বাঘের উপর হামলা চালায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় বর্ণধরকে উদ্ধার করে। ততক্ষণে বর্ণধর মারা গিয়েছে। মৃত বর্ণধরের ক্ষতবিক্ষত দেহ নিয়ে এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে মণ্ডল পরিবারের সদস্যরা। এদিকে, লোকালয়ে বাঘের হানাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মধ্যগুড়গুড়িয়ায়।
বুধবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন কুলতলির মধ্যগুড়গুড়িয়ার দুই বাসিন্দা। তাঁদের দাবি, শীতের নিশুতি রাতে লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাঘুরি করতে দেখেছেন। খবর পেয়ে পৌঁছয় বন দফতর। আগুন জ্বালিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা চলছে।
