
কচ্ছ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার আরেক সন্দেহভাজন পাক গুপ্তচর। গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সহদেব সিং গোহিল। তিনি গুজরাটেরই বাসিন্দা এবং একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোহিলের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ ছিল এবং দেশের সংবেদনশীল বেশ কিছু তথ্য পাচার করছিলেন তিনি।
এটিএস -এর আধিকারিকরা জানিয়েছেন, গোহিল গুজরাটের কিছু সংবেদনশীল এলাকার তথ্য পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে শেয়ার করেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আমদাবাদে নিয়ে আসা হয়েছে। এটিএস-র এসপি কে সিদ্ধার্থ জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গোহিল বিএসএফ এবং আইএএফ সম্পর্কিত তথ্য পাচার করছেন।
তাঁকে ১ মে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের সময় গোহিল জানান, ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে ‘অদিতি ভরদ্বাজ’ নামের এক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। পরে জানতে পারে, ওই মহিলা আসলে একজন পাক গুপ্তচর।
