
বউকে নিয়ে পালানোর প্রতিশোধ, মদের আসরে ডেকে বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে আরও এক বন্ধুর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে। মৃতের নাম রবি প্রসাদ।
বিকাশ চৌধুরী ওরফে মনু নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধু-বান্ধবদের ডেকে বাড়ির ছাদে মদের আসর বসিয়েছিলেন বিকাশ চৌধুরী। সেখানে ডাকা হয় রবি প্রসাদকেও। পুলিশ জানিয়েছে, মদের আসরে বিকাশের সঙ্গে রবির বচসা বাধে। তখনই চপার দিয়ে রবিকে এলোপাথাড়ি কুপিয়েছেন বিকাশ। রবি দৌড়ে পালানোর চেষ্টা করেন। সিঁড়িতে পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিকাশের স্ত্রীকে নিয়ে রবি ১-১০ মাস আগে পালিয়ে গিয়েছিলেন। পরে ফিরে আসেন বিকাশের স্ত্রী। সেই থেকে রবির উপর রাগ পুষে রেখেছিলেন বিকাশ।
