
তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের এক ফার্টিলিটি ক্লিনিকে আইভিএফ পদ্ধতিতে জন্মানো শিশুকে ৯০ হাজার টাকায় কিনে এনে ৩৫ লক্ষ টাকায় বিক্রির অভিযোগে হুলস্থুল কাণ্ড। ওই ঘটনায় এক চিকিৎসক সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সারোগেসির মাধ্যমে এক দম্পতিকে সন্তান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন প্রজনন চিকিৎসক।
অভিযোগ, সম্প্রতি ডাঃ নম্রথা ওই দম্পতির কোলে তাঁদের সন্তানকে তুলে দেন। এরপরেই বেরিয়ে আসে আসল সত্য। ওই দম্পতি দেখেন, তাঁদের সঙ্গে ওই শিশুটির ডিএনএ-র কোন মিল নেই। সন্তানের আশায় ২০২৪ সালের অগাস্ট মাসে গোপালপুরমের ইউনিভার্সাল সুষ্ঠী ফার্টিলিট সেন্টার-এ ডা-নম্রথার কাছে গিয়েছিলেন ওই দম্পতি।
অভিযোগ, চিকিৎসক ওই দম্পতিকে আইভিএফ-এর পরিবর্তে সারোগেসির পরমার্শ দেন। সেই সঙ্গে জানান, ক্লিনিকই তাঁদের জন্য সারোগেট মায়ের ব্যবস্থা করবেন তিনি। কয়েকদিন পর ক্লিনিকের তরফে জানানো হয় সারোগেট মাকে পাওয়া গিয়েছে এবং তাঁর শরীরে ভ্রুণ প্রতিস্থাপন করা হয়েছে।
