
উত্তরপ্রদেশের যমুনা নদীতে ভক্তদের নিয়ে নৌকাডুবির ঘটনায় এই পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর এসেছে। মৃতদের মধ্যে ৬জন মহিলা ও ৪ জন পুরুষ বলেই জানা গিয়েছে। বহু এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। উদ্ধারকার্য চালাছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসনের দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের লুধিয়ানা প্রায় ১৫০ জনের একটি ভক্তের দল বৃন্দাবনে আসেন। তাঁদের মধ্যে কিছু ভক্ত নৌকা করে স্থানীয় মন্দির দর্শনে গিয়েছিলেন। মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় মান্ট থানার অন্তর্গত কেসি ঘাটের কাছে একটি সেতুতে ধাক্কা মারে নৌকাটি। নদীতে অতিরিক্ত স্ত্রোতের কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয় ডুবুরি।
মোট ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাঁদের বৃন্দাবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। বহু নিখোঁজ,নদীতে তল্লাশি চলছে।মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন,উত্তর প্রদেশের মথুরায় নৌকাডুবির দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।









