
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ধাক্কা মালবোঝাই ট্রাকের। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গ জেলায়। ঘটনায় মৃত ১০ এবং আহত বহু।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বেঙ্গালুরু থেকে শিবমোগাগামী যাত্রিবাহী বাসটিতে চালক ও কন্ডাক্টর-সহ মোট ৩২ জন ছিলেন। সে সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।






