উত্তরপ্রদেশে বহুতল ভেঙে মৃত শিশু-সহ ১০ 

0
186

উত্তরপ্রদেশের মিরাটে  বহুতল ভেঙে পড়ে কমপক্ষে শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

 

পুলিশ জানিয়েছে, গভীর রাতে জাকির কলোনিতে চারতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল। ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। জেলাশাসক দীপক মীনা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে উদ্ধার করা হয়েছে পাঁচ জনকে। কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাড়িটি পুরনো হওয়ার কারণে বৃষ্টির জেরে ভেঙে পড়েছে। বহুতলটিকে কত জন বাসিন্দা থাকতেন, সেটি জানার চেষ্টা করছে পুলিশ।