
জাতীয় গান বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে এবার বিশেষ আলোচনা হবে সংসদে। ৮ ও ৯ ডিসেম্বর, সোমবার সংসদে বন্দে মাতরম নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হচ্ছে, যার জন্য ১০ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে।
সেখানে বন্দে মাতরম নিয়ে অজানা ঐতিহাসিক তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য় অনুযায়ী,সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম নিয়ে বক্তৃতা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বন্দে মাতরম নিয়ে ভাষণ দেবেন লোকসভায়। রাজ্যসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে মঙ্গলবার, ৯ ডিসেম্বর। ১০ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টা বরাদ্দ হয়েছে বিজেপি -নেতৃত্বাধীন এনডিএ শিবিরের জন্য। সরকারপক্ষের পাল্টা বন্দে মাতরম নিয়ে আলোচনায় যোগ দেবে বিরোধীরাও।
কংগ্রেসের তরফে লোকসভার ডেপুটি নেতা গৌরব গগৈ, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, দীপেন্দ্র হুডা, বিমল আকোইজাম, প্রণীতি শিন্ডে, প্রশান্ত পড়োলে, চমলা রেড্ডি, জ্যোৎস্না মহন্ত আলোচনায় অংশ নিতে পারেন বলে খবর।






