রাজ্যপাল-রাষ্ট্রপতির সই ছাড়া ১০ আইন তামিলনাড়ুতে

0
164
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়া দেশে প্রথমবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে ১০টি আইন কার্যকর হয়ে গিয়েছে তামিলনাড়ুতে। বিলগুলিতে তামিলনাড়ু বিধানসভা দু’-দু’বার ছাড়পত্র দিয়েছিল। কিন্তু ২০২০ সাল থেকে রাজ্যের রাজ্যপাল আরএন রবি তাতে সম্মতি দেননি। ফলে বিলগুলি আইনে পরিণত করা যায়নি। সুপ্রিম কোর্টের রায়ের পরে সে রকমই ১০টি বিল আইনে পরিণত হয়েছে।
সু্প্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি এ-ও বলেন, ভারতের সব রাজ্যের জন্য এটা বড় জয়। সেই পর্যবেক্ষণের পরে এ বার তামিলনাড়ু সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১০টি বিলে সম্মতি দেননি রাজ্যপাল। সুপ্রিম কোর্টের রায়ের পরে তাঁর সেই সিদ্ধান্ত অবৈধ। এর ফলে ১০টি বিল আইনে পরিণত হয়েছে।
তামিলনাড়ুর রাজ্যপালকে বিধি স্মরণ করিয়েছিল সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষণে জানিয়েছিল, বিধানসভায় পাশ হওয়ার পরেও সেই বিল আটকে রাখা বৈধ কাজ নয়। বিলের কোনও আইনি বিষয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন রাজ্যপাল। তবে বিলটি পুরনো আকারেই আবার বিধানসভায় পাশ করানো হলে, তাতে রাজ্যপাল সম্মতি দিতে বাধ্য।