
১০ সন্দেহভাজন কুকি জঙ্গির মৃত্যুর পরে মণিপুরে ক্রমেই হিংসা বাড়ছে। জঙ্গিদের মৃত্যুর পর থেকে মণিপুরে ৩ শিশু ও ২ মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর।
এদিকে, রাজ্যের পরিস্থিতি সামাল দিতে ২০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ২০ কোম্পানি সিআরপিএফ ও বিএসএফের ৫ কোম্পানি ফোর্স মণিপুরের নানা সংবেদনশীল জায়গায় মোতায়েন করা হবে। রাজ্যসভার সদস্য সানাজাওবা লেইশেমা মণিপুরের এই পরিস্তিতি হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে, মণিপুরে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ১৩ টি সংগঠন। মণিপুরের জিবরিম জেলা থেকেই অশান্তির সূত্রপাত। সম্প্রতি মণিপুরে ১০ সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এরই মাঝে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। সেই সূত্র ধরেই ১৩ টি সংগঠন ২৪ ঘণ্টার বনধ ডাকে।
খোয়াইরামবন্দ মার্কেট, মণিপুরের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র, বুধবার সকাল থেকে বন্ধ ছিল। ইম্ফলে গণ পরিবহণও কার্যত স্তব্ধ। বন্ধ রয়েছে রাজ্যের বহু স্কুল, কলেজও।
ছবি সৌজন্যে : এক্স
