
অভিযোগের আঙুলটা ছিলই, এবার সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, গত বছর আজ়ারবাইজান এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ৬৭ জন যাত্রী নিয়ে আজ়ারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রজ়নি শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিল আজ়ারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। কাজ়াখস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময়ে সেটি ভেঙে পড়লে ৩৮ জন যাত্রী মারা যান। আহত হয়েছিলেন ২৯ জন। বিমানটি ভেঙে পড়ার পরেই আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছিলেন, তাঁদের যাত্রিবাহী বিমান রাশিয়ার সেনা গুলি করে নামিয়েছে।ঘটনাচক্রে, আলিয়েভের ওই মন্তব্যের পরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিমান ধ্বংসের জন্য ক্ষমা চেয়েছিলেন। এর পরে আজ়ারবাইজানের প্রেসিডেন্ট বলেছিলেন, চার দফা দাবির প্রথমটি ছিল রাশিয়ার ক্ষমাপ্রার্থনা।
পুতিন তা করেছেন। কিন্তু এ বার রাশিয়াকে দোষ স্বীকার করতে হবে। দোষীদের সাজা এবং আজ়ারবাইজান সরকার, বিমানযাত্রী ও কর্মীদের ক্ষতিপূরণ দিতে হবে। আলিয়েভের দ্বিতীয় দাবি পূরণের পরে এখন দেখার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাকি দুই দফা দাবিও মানেন কি না।
