
ছত্তীসগঢ়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১০ মাওবাদী। এই অভিযান হয়েছে রাজ্যের কন্টার ভেজ্জি এলাকায়। গোপন সূত্রে কন্টা থানার পুলিশের কাছে খবর আসে ওড়িশা হয়ে একদল মাওবাদী কন্টা পেরিয়ে ছত্তীসগঢ়ে ঢুকছেন।
সেই খবর পাওয়ার পরই কন্টা থানা ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডকে খবর দেওয়া হয়। তারপরই দুই বাহিনী ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যায়। কন্টার পুলিশ সুপার কিরণ চহ্বণ জানিয়েছেন, শুক্রবার সকালে ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও।দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। পুলিশ সূত্রে খবর, এই সংঘর্ষে ১০ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মৃত মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। শনিবারও বস্তারে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছিল পাঁচ মাওবাদী।
উল্লেখ্য, চলতি বছরে ২৩০ জনেরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছেন ৮১২ জন। আত্মসমর্পণ করেছেন ৭২৩ জন মাওবাদী।








