
এ যেন শুরু হতেই শেষ। মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়াকে আর কীই বা বলা যায়। আধুনিক ক্রিকেট যখন অন্য দলগুলো বড় বড় ইনিংস আর চার-ছক্কায় মত্ত তখন মঙ্গোলিয়া যেন পণ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে তারাই সর্বনিম্ন রানের ইনিংস করবে।
এমন না হলে পুরুষ ক্রিকেটের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের চার ইনিংসের তিনটিতে মঙ্গোলিয়ার নাম থাকত না।সবচেয়ে কম রানের বিব্রতকর রেকর্ডটার মালিক অবশ্য এখন এককভাবে হতে পারেনি মঙ্গোলিয়া। তাদের সমান ১০ রান আছে ব্রিটেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপ আইল অব ম্যানের। গত বছর ২৬ ফেব্রুয়ারি স্পেনের বিপক্ষে এই রানে অলআউট হয় আইল অব ম্যান। এবার তাদের সঙ্গী হয়েছে মঙ্গোলিয়া।এর আগে ১২ ও ১৭ রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে মঙ্গোলিয়ার। এবার ১০ রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ডটা সিঙ্গাপুরের বিপক্ষে করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মঙ্গোলিয়ার ইনিংস দেখতে একদম মোবাইল নম্বরের ডিজিটের মতো,০, ১, ০, ১, ২, ০, ০, ১, ২, ০, ১।অর্থাৎ, ১১ ব্যাটার মিলেও গড়ে ১ রান করে করতে পারেননি। তবে ওভারে ঠিকই করেছে তারা। ১০ রান করে সমান ১০ ওভার খেলে।মঙ্গোলিয়াকে এমন বিব্রতকর রেকর্ডে নাম তুলতে বাধ্য করেছেন সিঙ্গাপুরের হর্ষ ভরদ্বাজ।সিঙ্গাপুরের বাঙ্গিতে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সী লেগস্পিনার হর্ষ।৪ ওভার বোলিং করে ২ ওভার মেডেন দিয়ে উইকেট নিয়েছেন ৬ টি। রান খরচ করেছেন মাত্র ৩। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে সেরা বোলিং করেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস।১১ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের জয় পায় সিঙ্গাপুর।
