
বিশ্বজুড়ে ওষুধের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করে নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আমদানিকৃত পেটেন্ট ওষুধের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে মূলত ওষুধ কোম্পানিগুলোকে আমেরিকায় উৎপাদন কেন্দ্র স্থাপন এবং বিশেষ মূল্য নির্ধারণ চুক্তিতে আসতে বাধ্য করার কৌশল নিয়েছেন তিনি। নতুন এই আদেশ অনুযায়ী, যেসব কোম্পানি মোস্ট ফেভার্ড নেশন নীতি মেনে মূল্য নির্ধারণ চুক্তিতে সই করবে এবং আমেরিকায় সক্রিয়ভাবে উৎপাদন কারখানা গড়ে তুলবে, তাদের ক্ষেত্রে কোনো শুল্ক কার্যকর হবে না।
তবে যেসব প্রতিষ্ঠানের সাথে এখনো মূল্য নির্ধারণের চুক্তি হয়নি কিন্তু আমেরিকায় প্রকল্প তৈরির কাজ চালাচ্ছে, তাদের শুরুতে ২০ শতাংশ শুল্ক দিতে হবে।পরবর্তী চার বছরের মধ্যে এই শুল্কের হার বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করার সংস্থান রাখা হয়েছে এই আদেশে। হোয়াইট হাউসের এক কর্তা জানিয়েছেন, বড় কোম্পানিগুলো আলোচনার জন্য ১২০ দিন এবং মাঝারি ও ছোট কোম্পানিগুলো ১৮০ দিন সময় পাবে। তবে কোন কোন ওষুধ এই উচ্চ শুল্কের আওতায় পড়বে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।









