
বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।এরমধ্যেই আগামী চার দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সঙ্গে জারি করেছে সতর্কতাও। রাজধানীর বহু এলাকা এখনও জলমগ্ন।
ফলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে ত্রস্ত দিল্লিবাসী।বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। এই পরিস্থিতিতে রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও সাত দিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলেও জানিয়েছে মৌসম ভবন। আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্ষার মরসুমে দিল্লিতে ৬৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। কিন্তু শুধু শুক্রবারই গোটা মরসুমের এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গিয়েছে। একদিনে ২২৮ মিলিমিটার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে গোটা রাজধানী।শুধু দিল্লিই নয়, উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলিতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।এই সময়ের মধ্যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে।







