
স্পেনে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ১২ জন। নিখোঁজ অন্তত ২৩ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দাবানলটি শুরু হয় আলমেরিয়া প্রদেশের লস গ্যালার্দোস এলাকায়। এটি ভূমধ্যসাগরীয় উপকূল থেকে কয়েক কিলোমিটার ভিতরে রয়েছে।
আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। স্থানীয় প্রশাসনের দাবি, এই ধরনের ভয়াবহ দাবানল ওই এলাকার এর আগে কখনও দেখা যায়নি।স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত।
যে এলাকায় এটি ঘটেছে সেই আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রধান জুয়ানমা মোরেনো জানিয়েছেন, এখনও অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন। প্রশাসনের মতে, গ্রীষ্মের শুরুতে স্পেনের বিস্তীর্ণ এলাকা অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। ফলে সামান্য আগুন থেকেও দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। উল্লেখ্য, চলতি বছরে স্পেনে ইতিমধ্যেই প্রায় ৫৭ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছে। গত বছর আগস্টে স্পেনে গত তিন দশকের সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছিল। তখন প্রায় ৩ লক্ষ ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে যায়।
