
কানাডার পাবে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় জখম হয়েছেন অন্তত ১২ জন। এই ঘটনায় শোরগোল পড়েছে টরেন্টোর এক জনপ্রিয় পাবে। টরেন্টোর স্কারব্যুরো এলাকার প্রোগ্রেস অ্যাভিনিউ এবং কর্পোরেট ড্রাইভের কাছেই ওই জনপ্রিয় পাবে উইকএন্ডে অন্যান্য দিনের তুলনায় বেশিই ভিড় ছিল। জানা গিয়েছে, পাবের ভিতরে পার্টির মেজাজ তখন তুঙ্গে।
রাত ১০টা ৩৯ মিনিটে সেখানে আচমকা একজন বন্দুক নিয়ে ঢোকে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। প্রাণের ভয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন সকলে। গুলিতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও অধরা আততায়ী। টরেন্টো মেয়র অলিভিয়া চাউ ওই ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।







