
গঢ়ছিরৌলিতে মহারাষ্ট্র পুলিশের মাওবাদী দমন বাহিনী সি-৬০ কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে ১২ মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদী গেরিলাদের পাল্টা গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই কমান্ডো।
তাঁদের নাগপুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।মহারাষ্ট্র পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলমের সক্রিয় সদস্য। গঢ়ছিরৌলি জেলার পুলিশ সুপার নীলোৎপল জানিয়েছেন, প্রায় ছ’ঘণ্টা ধরে সি-৬০ কমান্ডোদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়েছে।নিহত ১২ মাওবাদীদের দেহের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ। যার মধ্যে তিনটি একে-৪৭, দু’টি ইনসাস রাইফেল, একটি ৯ এমএম কার্বাইন, একটি ৭.৬২ এসএলআর-সহ সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে।নিহত নকশালদের মধ্যে একজনের নাম ডিভিসিএম লক্ষ্মণ অতরাম ওরফে বিশাল অতরাম। তিনি পিএলজিএ-র টিপাগড় দালামের প্রধান ছিলেন। মার্চ থেকে মাওবাদী বাহিনী তাদের সাংগঠনিক জোর বাড়াতে ট্যাকটিক্যাল কাউন্টার অফেন্সিভ ক্যাম্পেন শুরু করেছে গঢ়ছিরৌলিতে। তারপর থেকেই পাহাড়-জঙ্গলে ঘেরা এলাকায় ধারাবাহিকভাবে যৌথ বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ ঘটছে।








